বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মৃণাল মুখার্জি। আজ মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা। তার মধ্যে সম্প্রতি জন্ডিসে আক্রান্ত হন। তা ছাড়া অনেক দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায়ও ভুগছিলেন। কয়েকদিন আগে তার অসুস্থতা বেড়ে যায়। তারপর গতকাল স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
প্রায় পাঁচ দশকের বেশি সময় ছোট ও বড় পর্দায় কাজ করেছেন মৃণাল। সত্তর ও আশির দশক থেকে তার গান মুগ্ধ করেছে দর্শকদের। ক্যারিয়ারের প্রথম দিকে গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেন তিনি। ছোট ও বড় পর্দার পাশাপাশি রেডিও নাটকেও জনপ্রিয় ছিলেন। তা ছাড়াও দীর্ঘ সময় বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক দেখেছেন তাকে কিন্তু খল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি কুড়ান এই অভিনেতা।
মৃণাল মুখার্জির তিন সন্তান— দেবপ্রিয় মুখার্জি ও জোজো মুখার্জি ও টিনা মুখার্জি। জোজো জনপ্রিয় গায়িকা আর টিনা মুখার্জি মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এখন তিনি ফ্যাশন শোয়ের জনপ্রিয় কোরিওগ্রাফার।

