চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ)-এর ৭ম সমাবর্তন আগামী ১১ মে।
এবারের সমাবর্তনে বাংলাদেশসহ এশিয়া ও মিডলইস্ট এর দেশ সমূহের ১০০ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হবে। দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, নেপাল, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, শ্রীলংকা, ভিয়েতনাম, ভূটান এবং বাংলাদেশ।
অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর চ্যান্সেলর চেরী ব্লেয়ার।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে শনিবার মিট দ্যা প্রেসে সমাবর্তনের বিস্তারিত তুলে ধরেন এশিয়ানের রেজিষ্ট্রার ড. ডেভ ডোল্যান্ড ।
তিনি জানান, সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আফগানিস্থানের প্রেসিডেন্টের অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টা ও অর্থমন্ত্রী প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ন কাইয়ুমী এবং ২০১৬ সালে স্বাধীনতা দিবস পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর রেজওয়ানা চৌধুরী বন্যা। সমাবর্তনে প্রফেসর মুহাম্মদ হুমায়ন কাইয়ুমীকে ‘ডক্টর অব লজ’ এবং রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘ডক্টর অব আর্টস’ সম্মান সূচক ডিগ্রি প্রদান করা হবে।
মিট দ্যা প্রেসে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও-ও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০০৮ সালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশের মেয়েরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এ অধ্যায়ন করছে। বিশ্ববিদ্যালয়ের ৯৮% ছাত্রী বিশ্বের ১০০% বৃত্তি বা প্রায় ১০০% বৃত্তি নিয়ে পড়া লেখা করে আসছে । এর ২৫% ছাত্রী উচ্চতর শিক্ষার জন্য সুযোগ গ্রহণ করেছে। এই বিশ্ববিদ্যালয় হতে অধ্যয়নরত ছাত্রীরা স্ট্যানফোর্ড,অক্সফোর্ড,কলম্বিয়া, ব্র্যান্ডে,সারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে ।

