নিজস্ব প্রতিবেদক : শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের ৫২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) চার শিক্ষককেও নম্বর টেম্পারিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সভা সূত্রে জানা যায়, পরীক্ষায় নকলের দায়ে অর্ধশত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
এছাড়া, সংবাদপত্রে নিবন্ধ লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানের বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে সুপারিশ আকারে আগামী সিন্ডিকেটে উপস্থাপনের জন্য অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের প্রধান আইন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সিন্ডিকেট। এর আগে সিন্ডিকেট অধ্যাপক মোর্শেদকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল।
জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বিভিন্ন সেমিস্টারে পরীক্ষায় নকল করতে গিয়ে হল ইনভিজিলেটরের হাতে ধরা পড়েন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিলিনারি বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত করে সিন্ডিকেট।
সিন্ডিকেট আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের দিনক্ষণও চূড়ান্ত করেছে বলে জানা গেছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী জাপানের তাকাকি কাজিটা।

