বিনোদন ডেস্ক: গফুর গ্রামের ছেলে, পড়াশোনার জন্য ঢাকা শহরে এসেছিল। এখন তার অনেক নাম ডাক। শহরের নামিদামি লোকদের মধ্যে সে একজন। তার কষ্ট হলো— গ্রামে থাকা বাবা-মাকে শহরে আনতে পারেনি। কারণ তারা ভিটা ছেড়ে আসতে চায় না। এ বিষয়ে তাদের কিছু না বললেও বিপত্তি বাঁধে মন্ত্রীর মেয়ের সঙ্গে যখন গফুরের বিয়ে ঠিক হয়। কারণ বিয়ের আনুষ্ঠান হবে সোনারগাঁ হোটেলে। গফুরের বাবা-মার ইচ্ছে— ছেলের বিয়েতে গ্রামের সব আত্মীয়-স্বজনকে ঢাকায় আনবে।
গফুরের সহকারী হিসেবে ঢাকায় থাকে একই গ্রামের এক ছেলে। গফুর একদিন তার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে এবং দুজনে মিলে একটা সমাধান বের করে। গফুর তার আত্মীয়-স্বজনদের শহরের মানুষের মতো আচার-আচরণ শেখানোর জন্য ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকসহ তার সহকারীকে গ্রামে পাঠায়। গ্রামে গিয়ে নানা বিড়ম্বনা পার করে তাদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের মাঝে ঘটতে থাকে নানারকম মজার মজার ঘটনা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘গফুরের বিয়ে’। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াৎ, ড. ইনামুল হক, ইমন, বাঁধন, ম. ম. মোর্শেদ, সফিক খান দিলু, ফারুক আহমেদ, মুনিরা মিঠু, সিদ্দিকুর রহমান, মাহামুদুল হক মিঠু প্রমুখ।
আগামীকাল বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

