বিনোদন ডেস্ক : করন জোহর প্রযোজিত বহুল আলোচিত সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। এ সিনেমার ‘হুক-আপ’ গানে একসঙ্গে নেচেছেন টাইগার শ্রফ ও আলিয়া ভাট। সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে চার দিন গানটির শুটিং হয়েছে। এর কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।
গান প্রসঙ্গে সিনেমাটির পরিচালক পুনিত মালহোত্রা ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেন, ‘আলিয়া ও টাইগারকে একসঙ্গে আকর্ষণীয় দেখাচ্ছিল, তাদের রসায়ন বেশ চমৎকার। যেহেতু এতে টাইগার রয়েছে আমরা ভেবেছিলাম এতে আলিয়াকে নেয়া উচিত, আর তিনি এত বড় তারকা হওয়া সত্ত্বেও রাজি হয়েছেন। আমি কাউকে এতটা পরিশ্রম করতে দেখিনি। আমি তার অনেক বড় ভক্ত।’
ভালো নাচের—শুরু থেকেই ভক্তদের কাছ থেকে এ প্রশংসা পেয়ে আসছেন টাইগার শ্রফ। কিন্তু ‘হুক-আপ’ গানটিতে তার চেয়েও আলিয়া ভালো নেচেছেন বলে মনে করেন পুনিত। তিনি বলেন, ‘এই গান আমাদের ট্রাম্প কার্ড, যা আমরা শেষ মুহূর্তের জন্য রেখেছি। টাইগার শুনলে হয়তো আমাকে মেরে ফেলতে চাইবে কিন্তু আলিয়া তার চেয়ে ভালো নেচেছে।’
এর আগে এক সাক্ষাৎকারে একই কথা বলেছেন টাইগার শ্রফ। বাঘি অভিনেতা বলেন, ‘আমরা গানটির শুটিংয়ে অনেক মজা করেছি। ব্যক্তিগতভাবে আমি কখনোই এ ধরনের গান করিনি। আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এত বড় তারকা হওয়ার পরও তিনি শুটিং সেটে অনেক সহযোগিতা করেছেন। এই গানে তিনি আমার চেয়ে ভালো করেছেন।’ আগামী ৩০ এপ্রিল ‘হুক-আপ’ গানটি মুক্তির কথা রয়েছে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দি ইয়ার সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম সিনেমাটিতে অভিনয় করেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাদের। স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমায় অভিনয় করছেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া, অনন্যা পান্ডে। এ সিনেমার মাধ্যমে চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে রুপালি জগতে পা রাখছেন। এর মাধ্যমে তারা সুতারিয়ারও বলিউডে অভিষেক হচ্ছে।
এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন করন জোহর। তবে দ্বিতীয়টি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে আগামী ১০ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

