বিনোদন ডেস্ক : সময় নাট্যদলের আলোচিত প্রযোজনা ‘ভাগের মানুষ’। দীর্ঘ প্রায় ৪ বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি। আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৮০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সময় নাট্যদলের দলপ্রধান আকতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের বিখ্যাত লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সময় নাট্যদলের ২৬তম প্রযোজনাটি ১৯৯৭ সাল থেকে মঞ্চস্থ হয়ে আসছে বলেও জানান তিনি।
নাটকটির গল্পে দেখা যায়— ১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেবার প্রয়াস শুরু হয়েছে মাত্র।
হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মৌসুমী, সানী, মাসুম প্রমুখ।

