বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘গেরিলা’। সিনেমাটি নির্মাণ করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ। মুক্তির আট বছর পর এ গুণী নির্মাতার ‘আলফা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমা আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে। গত ২০ এপ্রিল প্রকাশিত হয়েছে ‘আলফা’র ট্রেইলার।
তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অর্ন্তদ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। ইতোমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির, দোয়েল ম্যাশ। পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এছাড়াও অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ।

