বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের যুগল নির্মাতা অপূর্ব-রানা বেশ আগে ‘দরদ’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এবার সিনেমাটিতে নায়িকা হিসেবে যুক্ত হলেন শিরিন শিলা। গতকাল শনিবার এতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘আমেরিকা থেকে অ্যাওয়ার্ড নিয়েই নতুন সিনেমায় যুক্ত হলাম। এটা অনেক আনন্দের। এতে আমাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আশাবাদী ভালো একটি কাজ হতে যাচ্ছে।’
সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়ে ঢাকায় ফিরেন শিরিন শিলা। এবার ‘দরদ’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরছেন তিনি। আগামী ২৬ এপ্রিল থেকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এতে শিরিন শিলার বিপরীতে অভিনয় করবেন সালমান জাফরি।
পরিচালক রানা বলেন, ‘সব শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল ঢাকায় সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করেছি।’
সালমান জাফরি প্রসঙ্গে এ পরিচালক বলেন, ‘‘সালমানের কাজ আমি দেখেছি। তার লুক ও কাজ ভালোই। ‘দরদ’ সিনেমার চরিত্রের সঙ্গে বেশ মানাবে। যে কারণেই সালমানকে এই সিনেমার নায়ক হিসেবে নেয়া হয়েছে। আশা করছি, কাজটি ভালো হবে।’’
শিরিন শিলা অভিনীত ‘হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’সহ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। সম্প্রতি মোহাম্মদ আসলামের ‘লুকোচুরি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া ‘মন নিয়ে লুকোচুরি’, ‘এক মিনিট’, ‘সাহসী যোদ্ধা’সহ কয়েকটি সিনেমার কাজ করছেন এই নায়িকা।

