বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন তিনি। তার সিনেমা মানেই বক্স অফিসে বাজিমাত। তবে এ অভিনেতা মনে করেন মাঝারি দক্ষতা নিয়েই টিকে আছেন তিনি।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘শাহরুখ খান কিংবদন্তি, আমির তাই। খারাপ সিনেমা দুই একটা হতে পারে কিন্তু তারা আবার ফিরে আসবে। আসলে, দুশ্চিন্তা তো আমার। তাদের দক্ষতা কি শাহরুখ ও আমির তা জানে। আমি মানুষকে বলতে শুনেছি, আমাকে নিয়ে তারা নিশ্চিন্ত নয়। আমার বিষয় হচ্ছে, মাঝারি ট্যালেন্ট ও সৌভাগ্য নিয়ে টিকে আছি। প্রকৃতপক্ষে, আমি জানি না কিসের উপর নির্ভর করে টিকে আছি, কিন্তু টিকে আছি। উত্থান-পতন তো হয়-ই। সৃষ্টিকর্তার করুণায় আমার এত ভক্ত-অনুসারী।’
তিনি আরো বলেন, ‘দর্শকরা প্রেক্ষাগৃহে আমার সিনেমা দেখার জন্য অর্থ খরচ করে, তারা টেলিভিশনেও আমার সিনেমা দেখে এবং আমার শোগুলোতে আমাকে দেখতে চায়। আমি জানি না, এটা কতদিন চলবে, তবে যতদিন চলবে মানসিক অথবা শারীরিক যত সমস্যা আসুক না কেন আমার সেরাটা দিয়ে যাব।
বর্তমানে দাবাং-থ্রি সিনেমার শুটিং করছেন সালমান খান। মুক্তির অপেক্ষায় আছে তার ভারত সিনেমাটি। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ইনশাআল্লাহ সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে।

