বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণদীপ হুদা। কিক, সুলতান, সরবজিৎ প্রভৃতি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। এবার লাভগুরু চরিত্রে দেখা যাবে।
সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা লাভ আজ কাল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির সিক্যুয়েল লাভ আজ কাল-টু। এটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। এতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, সারা আলী খান, রণদীপ হুদা প্রমুখ।
লাভ আজ কাল-টু সিনেমার গল্পে সারার প্রেমে পড়েন কার্তিক। কিন্তু কিছুতেই তাকে মনের কথা খুলে বলতে পারেন না। সেই সময় কার্তিকের পাশে এসে দাঁড়ান রণদীপ হুদা। লাভগুরু হয়ে নানা পরামর্শ দিয়ে কার্তিককে সাহায্য করেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘রণদীপ হুদা সারার বাবার চরিত্রে অভিনয় করছেন এ গুঞ্জনটি সত্য নয়। বরং, তিনি কার্তিকের পরামর্শকের চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় কার্তিককে ভালোবাসার বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন তিনি। পাশাপাশি সারাকে পাওয়ার ব্যাপারে সঠিক পথ দেখাবেন।’

