বিনোদন ডেস্ক : পরিচালক গৌতম তিনানুড়ি নির্মাণ করেছেন তেলেগু ভাষার সিনেমা ‘জার্সি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নানি ও অভিনেত্রী শ্রদ্ধা শ্রীনাথ। আগামী ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির টিম।
৩৬ বছর বয়সি এক ক্রিকেটারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা নানিকে। আর নানির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। চরিত্র প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রদ্ধা শ্রীনাথ বলেন, ‘পরিচালকের কাছ থেকে গল্প শুনেই চরিত্রের প্রেমে পড়ে যাই। এতে নানির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম সারাহ, যে একজন কর্মজীবী নারী। সিনেমাটিতে আমার আর নানির মধ্যে রসায়ন চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’
চরিত্রটি রূপায়নের জন্য কোনো প্রস্তুতি নিয়েছিলেন কিনা? এমন এক প্রশ্নের উত্তরে শ্রদ্ধা বলেন, ‘আমি গলি ক্রিকেট খেলেছি এবং এ খেলার বিষয়ে জানি। সুতরাং বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয়নি।’
সিনেমাটির সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। ২২ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রযোজনা করছেন নাগা ভামছি।

