বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীকে নিয়ে নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক কোরাতলা শিবা। প্রথমে গুঞ্জন ওঠে, তেলেগু ভাষার এ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন নয়নতারা। তারপর শোনা যায় আনুশকা শেঠির নাম। এবার গুঞ্জন উঠেছে, আনুশকা নয় চরিত্রটির জন্য কীর্তি সুরেশকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কোরাতলা শিবার সিনেমাটির নায়িকা চরিত্রের জন্য কীর্তি সুরেশ এগিয়ে আছেন। এখন যদি কীর্তি সবুজ সংকেত দেন তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন সিনেমা সংশ্লিষ্টরা।
সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শ্রুতি হাসান। এটি যৌথভাবে প্রযোজনা করছেন কোনিডেলা প্রোডাকশন কোম্পানি এবং ম্যাটিনি এন্টারটেইনমেন্ট। ২০২০ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।=
কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেলেগু ভাষার ‘মহানতি’। দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেত্রী সাবিত্রীর বায়োপিক এটি। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি ২০১৮ সালের ৯ মে মুক্তি পায়। ৩০০ মিলিয়ন রুপি বাজেটের সিনেমাটি আয় করে ৮০০ মিলিয়ন রুপি।

