বিনোদন ডেস্ক : সাইফ আলী খান অভিনীত পরবর্তী সিনেমাজওয়ানি জানেমন। সিনেমাটিতে এ অভিনেতার মেয়ের চরিত্রে দেখা যাবে পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালাকে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে আলিয়ার।
কিন্তু শুরুর দিকে শোনা গিয়েছিল, সারা আলী খান সিনেমাটিতে সাইফের মেয়ে চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সারার পরিবর্তে আলিয়া কেন? এ প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, ‘সারা সিনেমাটিতে অভিনয় করলে আমার ভালো লাগত। কিন্তু তাহলে সে বর্তমানে যা যা করছে সবকিছু বাদ দিতে হতো, কারণ আমরা এমন একজনকে নিতে চেয়েছি যার এটিই হবে প্রথম সিনেমা। বর্তমানে সারার অবস্থান আমার চেয়ে ভালো এদিক থেকে তাকে নিয়ে খুশি।’
জওয়ানি জানেমন সিনেমাটি পরিচালনা করবেন নিতিন কাক্কর। এটির সহ-প্রযোজনায় রয়েছেন সাইফ। আগামী জুন থেকে লন্ডনে সিনেমাটির শুটিং শুরু হবে।
বর্তমানে অজয় দেবগনের তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র সিনেমার শুটিং করছেন সাইফ। এতে খল চরিত্রে দেখা যাবে তাকে। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি পরিচালনা করছেন ওম রাউত। ২০২০ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে মুম্বাইয়ের যমনাবাই নারসি স্কুলে পড়াশোনা করেছেন আলিয়া ফার্নিচারওয়ালা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সিনেমা পরিচালনার প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

