ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের সামগ্রিক জীবনের গান গাইতে চাই

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বন্ধুরা মিলে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে গিয়েই অনুভব করি একটি ব্যান্ড দল গড়ে তোলার। তারপর কয়েকজন বন্ধু মিলে ২০১০ গঠন করি শহুরে গায়েন ব্যান্ড দলটি। এক্ষেত্রে লীলা, সমগীত, সহজিয়া, ভাটিয়াল শহুরে ব্যান্ড দলের কাছ থেকেও অনুপ্রাণিত হয়েছি।’ কথাগুলো বলেন শহুরে গায়েন ব্যান্ড দলের সমন্বয়ক আহমেদ বাবলু।
ব্যান্ড দলটি প্রকাশ করেছে তাদের প্রথম অ্যালবাম ‘তোমার জন্য থামি’। গত ৫ এপ্রিল নগরীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন রওনক রেহানা (তানভীর মুহাম্মদ ত্বকীর মা)। বহিরানা ভিজ্যুয়ালের প্রযোজনায় এবং রঙ বাংলাদেশের সহযোগিতায় প্রকাশিত হয়েছে অ্যালবামটি।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক রাফিউর রাব্বি, কবি আরিফ বুলবুল, প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, বহিরানা ভিজ্যুয়ালের নির্বাহী অর্ক সুমন ও রঙ বাংলাদেশের সত্ত্বাধিকারী সৌমিক দাস। পরে গান পরিবেশন করেন লীলা, সমগীত, সহজিয়া, ভাটিয়াল শহুরে ও শহুরে গায়েন।
দশটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সংকলতি গানগুলো হচ্ছে—আজও বেঁচে আছি, ব্যবধান, একটাই জীবন, মা, মানুষ, নদীর গল্প, প্রতিদিন জন্ম নিই, মাননীয় সরকার, শীতলক্ষ্যা, তোমার জন্য থামি। সবগুলো গানের কথা লিখেছেন আহমেদ বাবলু। সুর করেছেন তারিক মাহমুদ ও আহমেদ বাবলু। সংগীতায়োজন করেছেন রণক ইব্রাহিম।
শহুরে গায়েন ব্যান্ড দলের সমন্বয়ক আহমেদ বাবলু বলেন, ‘বাংলা গানে বিষয়বস্তুর খুব অভাব। এখন গানের মূল কেন্দ্রবিন্দু থাকে প্রেম, ফুল, পাখি, নদী। কিন্তু এছাড়াও মানুষের নানাবিধ সংকট, অভিজ্ঞতা, উপলব্ধি, আবেগ রয়েছে। তাই আমরা মানুষের সামগ্রিক জীবনের গান গাইতে চাই। ’
তিনি আরো বলেন, ‘এই অ্যালবামে নদীর সংকট নিয়ে যেমন গান আছে, তেমনি ক্রমন্বয়ে যে প্রকৃতি হারাচ্ছি তা নিয়েও গান রয়েছে। বর্তমান প্রজন্ম সবুজহীন প্রকৃতির স্পর্শ ছাড়াই বড় হচ্ছে তা নিয়েও এতে গান রয়েছে। আমরা বলছি, অসাম্প্রদায়িকতার কথা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষই সত্য। সমাজ চেতনা, রাজনৈতিক নানা অনুষঙ্গ নিয়েই আমরা গান করি।’
‘‘চলতে চলতে বদলে যাওয়া পথে মানুষকে থামতে জানতে হয়। একেকটি থামার গল্প মানেই আরেকটি শুরু, অবিরাম পথচলার অনুপ্রেরণা। চলতে চলতে বার বার থেমে থেমে যাই তা আগামী পৃথিবী ও আগামী মানুষের কথা ভেবে। তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলি—চলতি পথে অসংখ্যবার ‘তোমার জন্য থামি’।’’ বলেন আহমেদ বাবলু।
শহুরে গায়েন প্রথম যারা শুরু করেছিলেন তারা সবাই এখন দলে নেই। সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে দলটির লিড ভোকাল শাহীন মাহমুদ, সহ ভোকাল আহমেদ বাবলু ও রণক ইব্রাহিম, লিড গিটারিস্ট রণক ইব্রাহিম ও ইউসুফ সাদিল, রিদম গিটারিস্ট এস ডি পাপ্পু, সাইফুল রবিন এবং ড্রাম অর্ণব।