বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। এবার জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে তিনি তৈরি করছেন ট্রিপল আর। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা অজয় দেবগনসহ অনেক তারকা অভিনয়শিল্পী।
এদিকে ট্রিপল আর সিনেমায় অন্যতম বড় চমক ছিলেন ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগার জোন্স। জুনিয়র এনটিআরের বিপরীতে পর্দায় হাজির হওয়ার কথা ছিল কোল্ড ফীট, ওয়ার অব দ্য ওয়ার্ল্ড, পন্ড লাইফখ্যাত এই ব্রিটিশ অভিনেত্রীর। কিন্তু সিনেমাটি থেকে সরে গেলেন তিনি।
ট্রিপল আর সিনেমা থেকে সরে যাওয়া প্রসঙ্গে ইনস্টাগ্রামে ডেইজি লিখেছেন, ‘দুঃখজনক, পারিবারিক কারণে আমি অপূর্ব এই সিনেমাটিতে অভিনয় করতে পারছি না। চিত্রনাট্য সত্যিই চমৎকার এবং চরিত্রটি অসাধারণ, আমি আশা করব যাকেই চরিত্রটির জন্য নেয়া হবে তাকেও সবাই আমার মতো স্বাগত জানাবে। সিনেমাটির জন্য শুভকামনা।’
এ প্রসঙ্গে ট্রিপল আর সিনেমার টিমের পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে ডেইজি এডগার জোন্স আমাদের সিনেমায় অংশ নিচ্ছেন না। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ তবে এ অভিনেত্রীর পরিবর্তে সিনেমাটি কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।
ট্রিপল আর সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প তৈরি। সিনেমাটির বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

