নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু করছে জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ডাকসুর কোষাধ্যক্ষ বরাবর আবেদনও করেছেন তারা। তবে এতে ভিপির স্বাক্ষর নেই।
ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘তার স্বাক্ষর ছাড়াই এ ধরনের চিঠি প্রশাসন বরাবর দেওয়া যুক্তিযুক্ত নয়।’
তিনি বলেন, ‘এ জাতীয় চিঠি পাঠানোর বৈধতাই বা কী? এর আগে আইএমএলে চিঠি, ইন্টারনেটসহ আনুষঙ্গিক বিষয়ে প্রশাসন বরাবর একাধিক চিঠি দিয়েছে তারা। কিন্তু আমি নির্বাচিত ভিপি হলেও এ বিষয়ে কিছু জানি না।’
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন নুরের অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে বলেন, ‘এই বিষয়ে ভিপি অবগত আছেন। এর আগে ডাকসুর কর্মকর্তা স্বাক্ষর করার জন্য চিঠি দিয়েছিল। সেই চিঠিতে আমরা স্বাক্ষর করেছি এবং আরেকটি পৃষ্ঠায় ডাকসু ভিপির স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি পুরো বিষয়টি না দিয়ে শুধু একটি অংশ সংযোজন করেছেন।’
এর আগে আবেদন ফি কমানোর দাবিতে ডাকসুর পক্ষ থেকে একটি চিঠি আধুনিক ভাষা ইন্সটিটিউট কর্তৃপক্ষকে পাঠানো হয়। যেখানো ভিপি নুরুল হক নুরের স্বাক্ষর না থাকায় সমালোচনা করেন অনেকে।

