নিজস্ব প্রতিবেদক : সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার নিজ কার্যালয়ে এসএম হলের ঘটনা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, এখন ছাত্র সংসদ হয়েছে। কথা বলার একটা স্পেস তৈরি হয়েছে।
ভিসি বলেন, ‘ভিপি নুরসহ অন্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের আমি বুঝিয়েছি, এখন যে কোনো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। আমাদের এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ডাকসু হওয়াতে অনেকে তাদের দায়িত্ব সম্পর্কে জানেন না। হল সংসদের নেতারাও বুঝেন না, তাদের কি করণীয়, কীভাবে করতে হবে। তাই ভাবছি যে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করবো।’
‘যারা ডাকসুর সাবেক তাদের নিয়ে এসে একটু প্রোগ্রাম করবো। আর যেকোনও অন্যায়-অপরাধ ক্যাম্পাসে ঘটলে আমাদের একটি প্রক্রিয়া অবলম্বন করে তারপর সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এসএম হলের ঘটনার ক্ষেত্রেও তাই হবে।’
ড. আখতারুজ্জামন বলেন, এসএম হলের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

