বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি অভিনেতা টাইগার শ্রফ। অনেকদিন ধরেই অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। কিন্তু দুজনই বিষয়টি অস্বীকার করে আসছেন।
সম্প্রতি টাইগারের প্রেম নিয়ে কথা বলেন তার বাবা জ্যাকি শ্রফ। এ সম্পর্কে জানতে চাইলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টাইগার ২৫ বছর প্রেমিকা ছাড়া কাটিয়েছে। এখন একটা আছে ওকে থাকতে দিন। আমি খুবই খুশি, সে একজন প্রেমিকা খুঁজে পেয়েছে। কিন্তু জীবনের অর্থ এবং কীভাবে এটিকে সামাজিক গণ্ডির মধ্যে কাটাতে হয় তা সে ভালোভাবে জানে। সে জানে, কখনোই শিষ্টাচার বহির্ভূত কিছু করা যাবে না এবং সে কখনোই তা করবে না।’ তবে টাইগারের প্রেমিকা হিসেবে দিশার নাম উল্লেখ করেননি জ্যাকি।
তবে এর আগে টাইগারের সঙ্গে দিশার বন্ধুত্ব নিয়ে তিনি বলেন, ‘টাইগার ২৫ বছর বয়সে একজন বন্ধু খুঁজে পেয়েছে, যে একটি মেয়ে, এর আগে সে কখনো কারো দিকে তাকায়নি। তাদের দুজনের শখ একই রকম—নাচ ও শারীরিক কসরত। দিশা আর্মি পরিবার থেকে এসেছে, তাই সে নিয়মানুবর্তিতার মূল্যটা ভালোভাবেই জানে। তারা হয়তো ভবিষ্যতে বিয়ে করবে এবং আজীবন পরস্পরের বন্ধু হয়ে থাকবে কিন্তু বর্তমানে তারা শুধুই বন্ধু।’
এর আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে দিশার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে টাইগার শ্রফ বলেন, ‘আমার সঙ্গে তার খুবই ভালো বন্ধুত্ব। তার সঙ্গে আমার ভালো লাগে এবং আমরা এটিকে সেই পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি, সত্যি। আমাদের দুজনের পছন্দ একই রকম। আর ইন্ডাস্ট্রিতে আমার খুব বেশি বন্ধু নেই। আমি স্বস্তিবোধ করি এমন কয়েকজন বন্ধুর মধ্যে সে একজন।’
টাইগার শ্রফের পরবর্তী সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। এতে তার বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া। অন্যদিকে সালমান খানের ভারত সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি।

