বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কি মেগা সিরিয়াল ‘জান্নাত’। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হচ্ছে এটি। ইতোমধ্যে সিরিয়ালটির শততম পর্ব প্রচার হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটির জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।
দর্শক চাহিদা মাথায় রেখে অনলাইনে এর প্রচার শুরু হয়েছে। বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে এটি। এবার অন্তর্জালে সিরিয়ালটির শততম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে বঙ্গবিডির পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘গত সপ্তাহ থেকে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে জান্নাত সিরিয়ালটি দেখা যাচ্ছে। খুব শিগগির সিরিয়ালটির শততম পর্ব মুক্তি পাবে। দর্শক চাইলে ইউটিউব থেকেও এটি দেখতে পাবেন।’
‘জান্নাত’ পরিবেশনা করছে ভি থ্রী কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপটি পরিচালনা করেন সাদুল্লাহ জেলেন। এটি প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এটিভিতে। জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে এটি। কোরিয়ান ডেইলি সোপটি পরিচালনা করেন য়ু জি-ওয়োন। কাহিনি রচনা করেন কিম ইয়োন-শিন।

