বিনোদন প্রতিবেদক : ঘোড়ার পিঠে চড়ে রাজকন্যাকে উদ্ধার করা, শত্রু পক্ষের সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করে একসময় দর্শকের করতালি আর প্রশংসা পেয়েছেন চলচ্চিত্রের ‘রাজকুমার’খ্যাত অভিনেতা জাভেদ।
১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয়। নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। বিশেষ করে তার নাচ মুগ্ধ করেছে অসংখ্য ভক্তদের। ৪০ বছরের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন পর জনপ্রিয় এই তারকারা একসঙ্গে পারফর্ম করবেন। আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা। বর্তমানে তারা নাচের মহড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এসব গানের কোরিওগ্রাফি করছেন দেশের খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল, মাইকেল বাবু ও রতন।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠান প্রসঙ্গে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এদিন আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না। সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা পরের দিন অর্থাৎ ৪ এপ্রিল বিকেলে করব।’

