বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। অভিনয় ও নাচের দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, প্রেম করছেন এ অভিনেত্রী।
নির্মাতা এএল বিজয়ের সঙ্গে প্রেম করছেন সাই পল্লবী। বিয়ের পরিকল্পনাও করছেন তারা। এ ব্যাপারে খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এ জুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে অভিনেত্রী অমলা পালকে বিয়ে করেছিলেন নির্মাতা বিজয়। কিন্তু পরবর্তী সময়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। যদিও সাই পল্লবীর সঙ্গে বিজয়ের বিয়ে প্রসঙ্গে এ নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘না, এই খবর একদমই মিথ্যা। আমরা বুঝতে পারছি না এই গুঞ্জন কোথা থেকে শুরু হচ্ছে। বিজয় বর্তমানে তার কাজের প্রতিই মনোযোগী।’
২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার প্রেমাম সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ফিদা সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন পল্লবী। বর্তমানে মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রীর এনজিকে ও আথিরান সিনেমা দুটি।
অন্যদিকে এএল বিজয় পরিচালিত দেবী-টু ও ওয়াচম্যান সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও ভারতের নামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের বায়োপিক তালাইভি পরিচালনা করবেন তিনি। হিন্দি ভাষায় সিনেমাটির নাম জয়া। ১০০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রাণৌত।

