বিনোদন ডেস্ক : বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাকিয়া বারী মম। এবার বৈশাখ উপলক্ষ্যে জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন মম। সৈয়দ ইকবালের রচনায় ‘এই বৈশাখে’ নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি।
নাটকটির গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, অদিতির জীবনে ভালোবাসা সবসময় ফিকে হয়ে ধরা দেয়। কেউ কখনো তাকে কথা দিয়ে কথা রাখেনি। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা সবসময় তাকে নাড়া দেয়। তার খুব কাছের বন্ধু রিয়ার জীবনে প্রেম আসে হঠাৎ করেই। ফেসবুক আর মুঠোফোনে রিয়ার সঙ্গে কথা বলে রায়হান। রিয়ার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকে সে। বেশ ফুরফুরে মেজাজে সময় পার করতে থাকে রায়হান।
অন্যদিকে রিয়াকে নানাভাবে প্রেমে জড়ানোর জন্য বাধা দেয় অদিতি। সে নানাভাবে বাধা দিলেও কাজ হয় না। বৈশাখের দিন রায়হানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে রিয়া। শেষমেশ বাবার অসুস্থতার জন্য রিয়া দেখা করার জন্য যেতে পারে না। কিন্তু রায়হানের সঙ্গে দেখা করতে যায় অদিতি। আর তারপরই গল্পে টানাপোড়েন শুরু হয় বলে জানান পরিচালক।
এতে রায়হান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, রিয়া চরিত্রে জাকিয়া বারী মম। অদিতির চরিত্রে দেখা যাবে নুসরাত জান্নাত রুহীকে। এছাড়াও অভিনয় করেছেন আজম খান, মম আলী, তুষার প্রমুখ। ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ও গ্রীন মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি ১৪ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা রনি।

