বিনোদন ডেস্ক : সময়টা ১৯৭১। সদ্য বিয়ে হয়েছে মরিয়মের। তার স্বামী মুক্তিযুদ্ধে নাম লিখিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। স্বামীর ফিরে আসার প্রতীক্ষায় তার দিন কাটে। পাশাপাশি প্রিয় মানুষটির জন্য রুমালে নকশাআঁকা, আচার বানিয়ে রাখে।
ময়মুনা বুড়ির কাছে খবর পেলেই পাশের গ্রামে ছুটে যায়— কালামের সঙ্গে দেখা করতে। কালামও মুক্তিযোদ্ধা। সে মাঝে মাঝে মরিয়মের স্বামীর খোঁজ খবর দেয়। গোপনে অসুস্থ মাকে দেখতে আসে কালাম। তবে কয়েকদিন হলো গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী প্রবেশ করেছে। রাতে স্বামীকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে মরিয়ম। তারপর গল্পে নতুন মোড় আসে।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভুলনা আমায়’। সাইফুল জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে মরিয়ম চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে মনোজ কুমারকে। এছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, এস এম মহসীন, পাভেল ইসলাম প্রমুখ।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচার হবে।

