বিনোদন ডেস্ক : কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের পাঠকপ্রিয় উপন্যাস ‘জলপুত্র’। এই উপন্যাস অবলম্বনে ‘জলপুত্র’ নামে ২০১৭ সালে একটি নাটক মঞ্চে এনেছে বেঙ্গল থিয়েটার। দুই বছর পর একই নামে ছোট পর্দার জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক।
নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মহি মুহাম্মদ। পরিচালনা করছেন পারভেজ আমিন। নাটকের গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, জলপুত্ররা প্রান্তিক সমাজের বাসিন্দা। এতে স্থান পেয়েছে জেলে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ক্ষোভ-অভিমান, প্রেম-ভালবাসা। জেলে সমাজের বেঁচে থাকার দারুণ সংগ্রাম এতে প্রকাশিত। প্রান্তিক সমাজের দরিদ্র মানুষের প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়াই জলপুত্র। জল ও স্থলে প্রতিনিয়ত যুদ্ধ করে বিরূপ পরিবেশে টিকে থাকতে হয় এসব জেলে বা জলপুত্রদের।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু প্রমুখ। আজ রোববার সন্ধ্যা ৬টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে এর প্রচার শুরু হবে।

