নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বৈধ পাসধারী ব্যক্তি ছাড়া অন্যদের ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচন হবে। নির্বাচনে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোট, স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, কোটা সংস্কার আন্দোলনের নেতারা অংশ নিচ্ছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া শনিবার শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলনে বলেন, শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও হাইকোর্ট ক্রসিং- এই সাত ‘স্পটে’ নিরাপত্তা চৌকি বসানো হবে। এসব জায়গা দিয়ে শুধু বৈধ পাসধারীরা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। যাদের বৈধ পাস থাকবে না তারা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ নির্দেশনা রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। কেউ কোনো রকম দাহ্য পদার্থ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না।
তিনি বলেন, সাংবাদিকদের স্টিকারযুক্ত বৈধ মোটরসাইকেল ও গাড়ি প্রবেশ করতে পারবে। তবে ইলেক্ট্রনিক মিডিয়ার চারজন ও প্রিন্ট মিডিয়ার একজন ফটো সংবাদিক ও দুজন সাংবাদিক ডিউটি পাস সাপেক্ষে ভেরতে প্রবেশ করতে পারবেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচন উপলক্ষে পুলিশ প্রস্তুত থাকবে। তারা শুধু বিশ্ববিদ্যালয়ের নির্দেশ পেলেই দায়িত্ব পালন করবে। শিক্ষক, প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্র সিটিটিভির আওতায় আনা হয়েছে। নিরাপত্তার জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে।
নির্বাচন উপলক্ষে গোয়েন্দা সংস্থা ঢাবি এলাকায় তল্লাশি এবং নজরদারি বাড়িয়েছে বলেও জানান তিনি।

