বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজ দক্ষতায় নিজেকে গ্লোবাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। শুধু অভিনেত্রী নয়, ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবেও রয়েছে তার খ্যাতি। অনেক নারীর কাছেই তিনি অনুসরণীয়।
ভারতে ‘বাম্বল’ নামের একটি ডেটিং অ্যাপ চালু হয়েছে। দেশটিতে এ অ্যাপ আনার পেছনে অবদান রয়েছে প্রিয়াঙ্কার। অ্যাপটির অংশীদারও এ অভিনেত্রী। বাম্বল ডেটিং অ্যাপের বিশেষত্ব হচ্ছে-পুরুষ নয়, নারীদের আগে আলাপ শুরু করতে হয়। তাই নারীরা এই অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভালোবাসা, বন্ধুত্ব এবং ক্যারিয়ার নির্বাচন বাম্বলে এ তিনটি জিনিসই তারা পাচ্ছেন।
৮ মার্চ বিশ্ব নারী দিবসে একটি খোলা চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা। নারীদের উদ্দেশ্যে লেখা এ চিঠিতে ভারতে বাম্বল অ্যাপ নিয়ে অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি।
প্রিয়াঙ্কা লিখেছেন, ‘নারীদের ধন্যবাদ, একসঙ্গে আমরা আরো একটি প্রথা ভাঙতে সক্ষম হয়েছি। ২০১৭ সালে বাম্বলের প্রতিষ্ঠাতা হুইটনি ওলফের সঙ্গে আমার দেখা হয়। তখনই আমার মনে হয়েছিল-তার এই স্যোশাল নেটওয়ার্কটি ভারতে আনা উচিৎ, আর এটি সম্ভব করতে তার সঙ্গে আমাকে কাজ করতে হবে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পথে সমালোচকরা বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল। তাদের মতে, ভারতীয় নারীরা এটির জন্য পুরোপুরি প্রস্তুত নয় অথবা ব্যবসা, বন্ধুত্ব ও রোমান্সের এই নেটওয়ার্কিং অন্য কোনোভাবে আখ্যায়িত করা হয় কিনা তা নিয়েও তারা ভয় পাচ্ছিল। তারা মনে করেছিল, ভারতীয় নারীরা এই অ্যাপের মাধ্যমে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে নিজেদের নিরাপদ মনে করবে ও আত্মবিশ্বাসী হবে, এটা প্রায় অসম্ভব।
আমি ও বাম্বল কেউ-ই এই কথার সঙ্গে একমত ছিলাম না। আমি বিশ্বাস করি, আমরা সবাই নিজেদের অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণ করতে চাই এবং প্রথম পদক্ষেপটাও যেন আমরা নিতে পারি। সুতরাং, আমরা ভারতে বাম্বল নিয়ে আসি এবং আপনারা তাদেরকে ভুল প্রমাণিত করেছেন। মাত্র কয়েক মাসে আপনারা ১০ লাখের বেশিবার নিজেদের পছন্দ মতো সঙ্গী নির্বাচনে প্রথমে এগিয়েছেন। আপনার চারপাশের ভালো মানুষদের দেখা পেয়েছেন এবং পছন্দ মতো মানুষের সঙ্গে আলাপচারিতা করেছেন। ব্যবসা, বন্ধুত্ব ও ডেটিংয়ের জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করা হয়, এক্ষেত্রে আপনারা বাম্বল ব্যবহার করেছেন তার চেয়ে ৬০ শতাংশ বেশি। বিশ্বের অন্যান্য স্থানে বাম্বল ব্যবহারকারী নারীদের তুলনায় আপনারা দ্বিগুন মেসেজ পাঠিয়েছেন।
এই সংখ্যাগুলোকে একটি ব্যবসায়ীক হিসাবের অংশ মনে হতে পারে। হয়তো এই পরিসংখ্যান একটি সফল পথচলার শুরুটা প্রমাণ করে। কিন্তু এটি তার চেয়ে বেশি কিছু। এটি প্রমাণ করে, আমরা চালকের আসনে এবং আমাদের অ্যাকাউন্টগুলোতে আমরাই আগে পদক্ষেপ নিতে পারছি। এজন্য আপনাদের ধন্যবাদ। যারা এখনো বাম্বল অ্যাপ ব্যবহার করছেন না, তারা শিগগির শুরু করুন। আপনাদের জন্য অনেকে অপেক্ষা করছেন। নারী দিবসে আমরা নিজেদের ও আমাদের পছন্দের বন্দনা করছি।’

