আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বালাকোট সীমান্তে জইশ-ই-মোহাম্মদের যে প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত সেখানে ঘরবাড়ি অক্ষত রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ওই হামলার স্থানের স্থাপনা অক্ষত থাকার একটি চিত্র প্রকাশ করেছে রয়টার্স। উচ্চ রেজ্যুলুশনের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে মঙ্গলবার ওই চিত্র প্রকাশ করে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থাটি।
বালাকোটের কাছে জইশ-ই-মোহাম্মদের যে প্রশিক্ষণ কেন্দ্রে ভারত হামলা চালিয়েছিল বলে দাবি করেছে, সেখানে ওই সংগঠনের পরিচালিত মাদ্রাসা ভবন অক্ষত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই প্রশিক্ষণ কেন্দ্রে ভারতের যুদ্ধবিমানগুলো এক হাজার কেজি বোমাবর্ষণ করে বহু জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করে আসছে নয়া দিল্লি সরকার।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকরপোরেশনের কাছ থেকে এই ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। ইনকর্পোরেটেডের সরবরাহ করা ছবিগুলোতে ভারতের বোমা হামলার ছয় দিন পর ৪ মার্চ ওই মাদ্রাসার স্থানটিতে অন্তত ছয়টি ভবন দেখা গেছে।
বালাকোটের ওই হামলার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্যাটেলাইট ছবি পাওয়া যায়নি। কিন্তু প্ল্যানেট ল্যাবের ওই ছবিগুলোতে (যেগুলো ৭২ সেন্টিমিটার পর্যন্ত ছোট জিনিসও বিস্তারিতভাবে তুলে ধরেছে) ভারত সরকার যেখানে হামলা চালিয়েছে বলে দাবি করছে সেখানে পরিষ্কারভাবে ওই কাঠামোগুলো দৃশ্যমান হয়েছে।
নতুন ওই ছবিগুলোর সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে তোলা স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই। ভবনগুলোর ছাদে দৃষ্টিগোচর হওয়ার মতো কোনো গর্ত নেই, দাহ্য পদার্থের আঘাতের কোনো চিহ্ন নেই, বিস্ফোরণে দেয়াল উড়ে গেছে—এমন চিহ্নও নেই। মাদ্রাসার আশপাশে উপড়ে পড়া কোনো গাছও দেখা যায়নি। এমনকি বিমান হামলার অন্য কোনো চিহ্নও নেই।
নতুন এসব ছবি পাকিস্তানে হামলা নিয়ে মোদী সরকারের দাবির বিষয়ে আরও সন্দেহ তৈরি করেছে। ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের জাবা গ্রামে ওই মাদ্রাসাস্থলের সব লক্ষ্যস্থলে বিমান হামলা চালানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এসব উপগ্রহ ছবির বিষয়ে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি।

