নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের কাউন্সিলিং সেবা দিতে জাতীয় নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
আদালতের নির্দশনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত নীতিমালা করতে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার আদেশে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সুইসাইড/বুলিংসহ যেকোনো ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল আমিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মাকসুদা হোসেন, আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোল্যা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক। কমিটির সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক)।
কমিটি আগামী এক মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুইসাইড/বুলিংসহ যেকোনো ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত একটি জাতীয় নীতিমালার খসড়া মতামতসহ মন্ত্রণালয়ে দাখিল করবেন।

