নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে ১১ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে ১১ জনের মরদেহ শনাক্ত করে প্রতিবেদন পাঠিয়েছি।
গত ২৫ ফেব্রুয়ারি নিহত অজ্ঞাত ৩৮ জনের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। তাদের পরিচয় নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।
প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন মারা যায়।
পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। এর মধ্যে ৪৮ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯ জনের পরিচয় শনাক্ত করতে সিআইডি ২১টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত হলো।

