নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে কমলাপুর রেল স্টেশনে অব্যবস্থাপনা, অনিয়ম দূর করা হবে। তা না হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রেল কর্মকর্তাদের আল্টিমেটাম দিয়ে তিনি আরো বলেন, ‘এক মাস সময় দেওয়া হলো। এর মধ্যে রেলের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। কেননা স্টেশনের সার্বিক কার্যক্রম দেখে সন্তুষ্ট হতে পারিনি। এই সময়ের মধ্যে যাত্রীসেবা নিশ্চিত করতে না পারলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি দেখতে আগামী ৫ এপ্রিল আবার এখানে পরিদর্শনে আসব।’
মন্ত্রী বলেন, ‘সরকারের ১০টি মেগা প্রকল্পের দুটিই রেলের। রেল ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে টিকিট কালোবাজারি রোধে বর্তমানে ট্রেনে টিকিট বিক্রিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ধরনের কালোবাজারি হতে দেওয়া হবে না।’ এ সময় মন্ত্রী স্টেশনের বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

