বিনোদন ডেস্ক : আজ শুক্রবার সকালে বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দীন আলীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বেসরকারি এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, সকাল ৭টার পর থেকে তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে থাকে। পাশাপাশি রক্তচাপ একেবারেই কমে যায়। একই সঙ্গে তার হৃৎস্পন্দনও বন্ধ হয়ে যায়। এই অবস্থাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর কিছু সময়ের মধ্যেই তার হৃৎস্পন্দন ফিরে আসে।
মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন যুক্ত করার পর আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থির। তবে এটা উল্লেখ করার মতো নয়। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ। এই শিল্পীর শারীরিক অবস্থা তার পরিবারকে জানানো হয়েছে বলেও জানান ডা. আশীষ কুমার চক্রবর্তী।
আলাউদ্দীন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণ সমস্যায় ভুগছেন। গত বুধবার দুপুরে আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি বলেন, ‘মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসক জানিয়েছেন, তার নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’
বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন আলাউদ্দীন আলী। তিনি একাধারে সংগীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। গান রচনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন আলাউদ্দীন আলী। তার বাবা ওস্তাদ জাদব আলী, মায়ের নাম জোহরা খাতুন।
আলাউদ্দীন আলীর সংগীতে প্রথম হাতেখড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন আলাউদ্দীন আলী। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গেই দীর্ঘদিন কাজ করেন।

