স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার মাঠে নামে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানসিটি জয় তুলে নিলেও পয়েন্ট হারিয়েছে ম্যানইউ। ঘরের মাঠে ম্যানসিটি ৩-১ গোলে হারিযেছে বোর্নমাউথকে। আর ম্যানইউ ২-০ গোলে পিছিয়ে পড়েও গোলে ড্র করেছে সাউদাম্পটনের সঙ্গে ২-২ ব্যবধানে।
শনিবার ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় বার্নার্ডো সিলভা গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য বিরতিতে যাওয়ার আগে ম্যাচে সমতা ফেরায় এএফসি বোর্নমাউথ। ৪৪ মিনিটে কালুম উইলসন গোলটি করেন। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান ম্যানসিটির রহিম স্টার্লিং। আর ৭৯ মিনিটে গুন্দোগান গোল করে ব্যবধান করেন ৩-১। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই শেষ হয় ম্যাচ।
এদিকে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এ সময় স্টুয়ার্ট আর্মস্ট্রং গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। ২০ মিনিটে সেদরিক সোয়ারেস গোল করে ২-০ ব্যবধানে পিছিয়ে দেন হোসে মরিনহোর দলকে। অবশ্য এরপর ম্যাচে ফিরতে সময় নেয়নি ম্যানইউ। ৩৩ মিনিটের মাথায় ম্যানইউর রোমেলু লুকাকু গোল করে ব্যবধান কমান। আর ৩৯ মিনিটে আন্দের হেরেরা গোল করে সমতা ফেরান। তাতে ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।
১৪ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে ম্যানইউ অবস্থান করছে সপ্তম স্থানে।

