স্পোর্টস ডেস্ক : টেস্ট অভিষেক পাওয়ার পর নিজেদের প্রথম অ্যাওয়ে সিরিজ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। আফগানিস্তানের হোম ভেন্যু এখন ভারত। সেই দেরাদুনেই প্রথমবারের মতো মুখোমুখি হবে টেস্ট পরিবারের নতুন দুই সদস্য দেশ আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
২০১৯ সালের মার্চের ১৭ তারিখে প্রথম টেস্টে মুখোমুখি হবে আইরিশ ও আফগানরা। ওই সফরে আফগানিস্তানের বিপক্ষে মোট নয়টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ৯ ম্যাচের সূচিতে থাকছে একমাত্র টেস্টসহ তিনটি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে। টি-টোয়েন্টিগুলো হবে ২৩, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। এরপর ওয়ানডেগুলো হবে ২, ৪, ৭, ৯ ও ১২ মার্চ। সীমিত ওভারের সিরিজ শেষ করে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে দু’দল।
দেশের হয়ে প্রথম অ্যাওয়ে টেস্টে খেলার ডাক পাওয়ায় উচ্ছ্বসিত আইরিশ ব্যাটসম্যান আন্দ্রে ব্যালবির্নে। আনন্দ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তান একটি মানসম্পন্ন দল। ওদের হোম কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিংই হবে আমাদের জন্য। আইরিশ ক্রিকেটের জন্য আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

