বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। মাঝে মধ্যে মিউজিক ভিডিও এবং নাটক-টেলিফিল্মেও কাজ করছেন তিনি। এবার ‘এ লাভ স্টোরি’ নামে একক নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম।
গল্প প্রসঙ্গে পরিচালক আর বি প্রীতম বলেন, ‘নাটকটির গল্পে প্রধান দুই চরিত্র রাব্বি আর এশা সদ্য কলেজে উঠেছে। ঢাকা শহরের একটা আবাসিক কলোনিতে রাব্বি তার বাবা-মায়ের সঙ্গে থাকে। একই কলোনিতে নতুন আসে এশা ও তার পরিবার। ছোটবেলা থেকে এই এলাকায় থাকায় রাব্বিকে সবাই চেনে। কলোনির মাঠে ক্রিকেট খেলা, আড্ডা দেয়া রাব্বির নিত্যদিনের কাজ। এশা যেদিন কলোনিতে প্রথম আসে সেই দিনই তাকে দেখে রাব্বির ভালো লেগে যায়।’
তিনি আরো বলেন, ‘এলাকার একটি মেয়ের মাধ্যমে এশার সঙ্গে রাব্বি দেখা করতে চায়। তারপর একদিন রাব্বি এশাদের বারান্দার সামনের রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। এসময় এলাকার আরো কিছু বন্ধু গিয়ে এশার বারান্দার দিকে তাকিয়ে থাকে। রাব্বি তাদের বলে-এশাকে সে পছন্দ করে। রাব্বি এশাকে ইমপ্রেস করতে বাকিদের সঙ্গে ফুটবল খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু ফুটবল খেলায় রাব্বির দল হেরে যায়। একদিন রাব্বি এশার সঙ্গে কলোনিতে দেখা করে। এভাবে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। তারপর একদিন দুইজন ছাদে দেখা করে; এমন সময় এশার মা চলে আসে। এশার মা রাব্বিদের বাড়িতে বিচার দেয়। রাব্বির বাবা রাব্বিকে মারধর করে। এশাকেও তার মা বাড়ি থেকে বের হতে দেয় না। দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার পরের গল্প জানতে দেখতে হবে নাটকটি।’
নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শনিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলেও জানান এই নির্মাতা।

