বিনোদন ডেস্ক : কয়েকদিন পরেই মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ জুটি।
এদিকে নিয়ন আলোয় সেজেছে মুম্বাইয়ের জুহুতে অবস্থিত প্রিয়াঙ্কার বাড়ি। শোনা যাচ্ছে, বিয়ে উপলক্ষেই এটি সাজানো হয়েছে। এছাড়া এরই মধ্যে ভারতে এসেছেন নিক। তাকে স্বাগত জানাতেও বাড়ি সাজানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর মেহরানগড় দুর্গে হবে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। ১ ডিসেম্বর গায়েহলুদের অনুষ্ঠান এবং ২ ডিসেম্বর হিন্দু রীতিতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হবে। ৩ ডিসেম্বর খ্রিষ্টান মতে বিয়ে করবেন এই জুটি।
বিয়েতে উপস্থিত থাকবেন এ জুটির পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজন। অতিথির সংখ্যা সবমিলিয়ে ১১০ জন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিয়েতে উপস্থিত হবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যোধপুরে বিয়ে শেষে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। তবে এর তারিখ এখনো জানা যায়নি।
জানা গেছে, যোধপুর বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে যাওয়া ও ফেরার জন্য হেলিকপ্টার বুক করেছেন প্রিয়াঙ্কা-নিক। একই হেলিকপ্টারে কয়েকজন আমন্ত্রিত অতিথিকেও বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন পাঁচ–ছয়বার হেলিকপ্টারটি বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে যাওয়া–আসা করবে। ফটোসংবাদিকদের নজর এড়াতেই এমনটা করা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

