বিনোদন ডেস্ক : বলিউড কিংখ্যাত অভিনেতা শাহরুখ খানের মুখে কালি ছোড়ার হুমকি দিয়েছে কলিঙ্গ সেনা নামের একটি সংগঠন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আগামী ২৮ নভেম্বর থেকে ওড়িশার ভুবনেশ্বরে শুরু হবে পুরুষ হকি বিশ্বকাপ। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন শাহরুখ। এছাড়া সংগীতশিল্পী এ. আর. রহমান ও অভিনেত্রী মাধুরী দীক্ষিতও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক নিজে শাহরুখকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে একটি টুইটও করেছেন তিনি।
কিন্তু শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে কলিঙ্গ সেনা নামের স্থানীয় একটি সংগঠন। তারা এ অভিনেতার মুখে কালি ছোড়া ও কালো পতাকা প্রদর্শনের হুমকি দিয়েছে। তাদের অভিযোগ, ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত শাহরুখ অভিনীতঅশোকা সিনেমায় কলিঙ্গ যুদ্ধকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা ওড়িশার মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তারা শাহরুখকে এ বিষয়টির জন্য ক্ষমা চাইতে বলেছেন।
কলিঙ্গ সেনার সাধারণ সম্পাদক নিহার পানি বলেছেন, ‘আমরা শাহরুখের মুখে কালি ছোড়া ও কালো পতাকা প্রদর্শনের প্রস্তুতি নিয়েছি। এটি বিমানবন্দর, স্টেডিয়াম বা যে কোনো স্থানেই হতে পারে। শাহরুখ খান যে রাস্তা দিয়ে যাবেন সবখানেই আমাদের কর্মীরা থাকবে।’
এছাড়া শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে সংগঠনটি। পাশাপাশি সম্প্রতি র্যালী করে এ অভিনেতার কুশপুত্তলিকা দাহ করেছে তারা।

