বিনোদন ডেস্ক : ‘খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। প্রথমদিকে অ্যাকশনধর্মী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে সব ঘরানার সিনেমাতেই অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় এ অভিনেতা জানিয়েছেন, অর্থ উপার্জনের জন্যই বলিউড সিনেমায় এসেছেন তিনি।
অক্ষয় কুমার বলেন, ‘আমি প্রথমদিকে অনেক অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করেছি কারণ অন্যকিছু জানতাম না। ১১-১৩ বছর আমি শুধু অ্যাকশন সিনেমা করেছি। আমি ব্যাংককে পাঁচ বছর থাই বক্সিং করেছিলাম। তারপর মুম্বাইয়ে ফিরে একটি মার্শাল আর্ট স্কুল চালু করি। সত্যি বলতে, একটি মাত্র জিনিস যেটি আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছে তা হলো অর্থ। আমি এখানে শুধু অর্থ উপার্জনের জন্যই এসেছি।’
তিনি আরো বলেন, ‘মার্শাল আর্ট শিখিয়ে আমি মাসে পাঁচ হাজার রুপি আয় করতাম। কিন্তু একবার একজন আমাকে মডেল হতে বলে। একটি ফার্নিচারের মডেলিং করি। আমার সঙ্গে আরো একজন ছিল। আমরা দুজনই পোজ দিয়েছিলাম। মাত্র দুই ঘণ্টায় ২১ হাজার রুপি আয় করি। আমি চিন্তা করলাম, এটিই সবচেয়ে ভালো জায়গা। তারপর আমি মডেলিং করার চিন্তা করি এবং পরবর্তীতে সিনেমায় নাম লেখাই।’
বলিউডের অন্যতম ধনী অভিনেতা অক্ষয় কুমার। চলতি বছর ফোর্বসের জরিপে সবচেয়ে বেশি আয় করা অভিনেতার তালিকায় শীর্ষ দশে রয়েছে তার নাম। এছাড়া সবচেয়ে বেশি আয় করা বিশ্বের একশ তারকার তালিকায় ৭৬তম স্থানে রয়েছেন তিনি।
অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গোল্ড। কয়েকদিন পরেই মুক্তি পাবে তার টু পয়েন্ট জিরো সিনেমাটি। কয়েকদিন আগে কেসারি ও সম্প্রতি হাউসফুল-ফোর সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। আগামী বছরের শুরুতে মিশন মঙ্গল সিনেমার শুটিং শুরু করবেন অক্ষয়। এছাড়া কারিনা কাপুরের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেতাকে।

