বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর। প্রেমের গুঞ্জনে অনেকবারই আলোচিত হয়েছেন। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।
এদিকে বলিউডে চলছে বিয়ের ধুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এছাড়া কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তিনি কবে বিয়ে করছেন, ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে আদিত্য রয় কাপুর বলেন, ‘আমি বেশ খুশি কারণ আমার কাছের মানুষজন আমাকে এই প্রশ্নটি করেন না। আপাতত বিয়ের পরিকল্পনা নেই। খুব শিগগির এটি হচ্ছেও না, এ বিষয়ে আমি নিশ্চিত।’
বর্তমানে কলঙ্ক সিনেমার শুটিং করছেন আদিত্য। এতে সোনাক্ষী সিনহার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। একঝাঁক তারকা নিয়ে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন।
আশিকি-টু খ্যাত এ অভিনেতা বলেন, ‘গত পাঁচ-ছয় মাস ধরে আমার মনোযোগ কলঙ্ক সিনেমাটিতে। আমি অভিষেক বর্মণের (পরিচালক) সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। তিনি অভিনয়শিল্পীদের কাছে কি চান তা ভালো করেই জানেন। প্রস্তুতির জন্য অনেক পড়তে হয়েছে। আমরা সিনেমার শুটিংয়ের শেষ দিকে রয়েছি। এর বেশি কিছু বলতে চাই না’
এছাড়া আগামী বছর সাদাক-টু সিনেমার শুটিং শুরু করবেন আদিত্য। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
এ অভিনেতা আরো বলেন, ‘সাদাক-টু সিনেমাটি সবার কাছে একটু বিশেষ কারণ মহেশ ভাট সাহেব ২০ বছর পর পরিচালনায় ফিরছেন। আমি কয়েকবার তার সঙ্গে দেখা করেছি। তার মধ্যে অসাধারণ প্রাণশক্তি ও শিশুসুলভ উচ্ছ্বাস রয়েছে। এত সিনেমা করার পরও এ সিনেমাটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার সঙ্গে সঞ্জয় দত্ত স্যারের বিশেষ সম্পর্ক রয়েছে, এছাড়া প্রথমবারের মতো তার পরিচালনায় অভিনয় করবেন আলিয়া ভাট। সব মিলিয়ে সিনেমাটি একটু বিশেষ।’

