ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সুপার সাব’ আলকাসের জেতালেন ডর্টমুন্ডকে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুবার বায়ার্ন মিউনিখকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। দুবারই বরুসিয়া ডর্টমুন্ডকে সমতায় ফেরান মার্কো রয়েস। তখনো কাজ বাকি ছিল অনেকটা। সেটাই করলেন বদলি হিসেবে নামা পাকো আলকাসের। ৭৩ মিনিটে তার গোলেই পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ড।
এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা মজবুত করেছে ডর্টমুন্ড। তিনে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে তারা। ১১ ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ২৭, বায়ার্নের ২০। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ।
শনিবার সিগন্যাল এডুনা পার্কে ম্যাচের ২৬ মিনিটে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেভানডফস্কি। ছয় গজ বক্সের ভেতর থেকে হেডে নিজের সাবেক দলের জালে বল পাঠান এই পোলিশ স্ট্রাইকার।
৪৯ মিনিটে পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান জার্মান স্ট্রাইকার রয়েস। জাতীয় দলের সতীর্থ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার রয়েসকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। তিন মিনিট পরই আরেকটি হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন লেভানডফস্কি। তাতে আবার এগিয়ে যায় বায়ার্ন।
৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রয়েসও। ডর্টমুন্ডও আবার ফেরায় সমতা। স্কোরলাইন তখন ২-২। ৭৩ মিনিটে জয়সূচক গোলটা করেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা আলকাসের। যোগ করা সময়ে ডর্টমুন্ডের জালে বল জড়িয়েছিলেন লেভানডফস্কি। কিন্তু তার হ্যাটট্রিকের উদযাপন মাটি হয়ে যায় অফ সাইডের কারণে।