স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের পাকিস্তান দলে নতুন মুখ দুজন। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ও ব্যাটসম্যান সাদ আলী।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচে ১৬০ রান করা ওপেনার ফখর জামানকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। বিশ্রাম দেওয়া হয়েছে লেগ স্পিনার শাদাব খানকেও। আবারো উপেক্ষিত থেকেছেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।
সীমিত ওভারের ক্রিকেটে ভালো করায় টেস্ট দলে ডাক পেলেন ১৮ বছর বয়সি পেসার আফ্রিদি। আর সাদ পাকিস্তান ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ১৪৪ রানের ইনিংস খেলার পুরস্কার পেলেন। আগামী ১৬ নভেম্বর আবুধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ নভেম্বর থেকে।
প্রথম দুই টেস্টের পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, আজহার আলী, আসাদ শফিক, হারিস সোহেল, বাবর আজম, সাদ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইয়াসির শাহ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মির হামজা, শাহিন শাহ আফ্রিদি।

