রাবি সংবাদদাতা : আন্তর্জাতিক তায়কোয়ানডো কোরিয়ান মার্শাল আর্ট প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রিদুয়ান তাসকিন।
দক্ষিণ কোরিয়ার মুজু শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাসকিন এই অনন্য কৃতিত্বের অধিকারী হলেন। এ বছর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফ্যাস্টিভাল নামের এই প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় থেকে দুই সদস্যের প্রতিনিধি দল গত ৫ নভেম্বর কোরিয়ার উদ্দেশে যাত্রা করেন। দলের খেলোয়াড় হিসাবে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ান তাসকিন এবং তার কোচ হিসেবে সঙ্গে যান শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও রাজশাহী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল।
কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৯ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় আপন যোগ্যতায় শক্তিমত্তার পরিচয় দিয়েই তাসকিন রানার্স আপ নির্বাচিত হয়।’
জয়ের আনন্দে উচ্ছ্বসিত তাসকিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত করতে পেরে আমি আনন্দিত।’
গত ৪ নভেম্বর থেকে তায়কোয়ানডো প্রমোশন ফাউন্ডেশনের আয়োজনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শেষ হয়।

