বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশান ও সুজান খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন। ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৬ সালে এ দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান হৃহান এবং ২০০৮ সালে হৃদানের জন্ম হয়। কিন্তু ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন হৃতিক-সুজান। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এ দম্পতির বিবাহবিচ্ছেদ হলেও সন্তানদের জন্য বিভিন্ন অনুষ্ঠান, আবার কখনো একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের। এ নিয়ে অনেকবারই গুঞ্জন উঠেছে, সন্তানদের কল্যাণের জন্য সব ভুলে আবারো এক হচ্ছেন তারা। কিন্তু সেসব গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে।
সুজানের বাবা অভিনেতা সঞ্জয় খান। হৃতিকের সঙ্গে মেয়ের বিচ্ছেদ হলেও এত বছরে এ বিষয়ে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে। সম্প্রতি ভারতীয় একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। শুধু তাই নয়, সুজান-হৃতিক আবারো এক হয়ে যাবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
সঞ্জয় খান বলেন, ‘বিবাহবিচ্ছেদ হৃদয় বিদারক অনুশীলন। বিবাহবিচ্ছেদের কারণ কখনো আমার মেয়ের কাছে জিজ্ঞেস করিনি। এখনো হৃতিক ও আমার মেয়েকে আমি ভালোবাসি। অবশ্যই তাদের বিবাহবিচ্ছেদের কারণ রয়েছে। কিন্তু তাদের ভালো একটি দিক হলো-এখনো তারা ভালো বন্ধু। তাদের বিচ্ছেদ হলেও তাদের সন্তানের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। কারণ এ ক্ষেত্রে তারা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। ছুটিরে দিনে তারা একত্রে তাদের সন্তানদের সময় দেয় এবং যত্ন নেয়।’
তিনি আরো বলেন, ‘মানুষ যখন বলে হৃতিক আর আমার মেয়ের জামাই নয়। তখন আমি বলি, তার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। কারণ হৃতিক আমার নাতিদের বাবা, এ সম্পর্ক কখনো মুছে যাবে না। আমি আশাবাদী তারা একত্রে ফিরে আসবে।’

