স্পোর্টস ডেস্ক : আলভারো মোরাতার জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে চেলসি। এ জয়ের মধ্য দিয়ে লিগে শেষ এগারো ম্যাচে অপরাজিত রইল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
ঘরের মাঠে লিগ ম্যাচে গতকাল ক্রিস্টাল প্যালেসকে স্বাগত জানায় চেলসি। চেনা মাঠে মোরাতার গোলে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় ব্লুজরা। তার গোলে ১-০ গোলে লিড ধরে রেখে বিশ্রামে যায় দলটি।
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ক্রিস্টাল প্যালেসকে সমতায় ফেরান অ্যান্ড্রোস টাউনসেন্ড। তবে সমতায় থাকার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি অতিথিদের। ম্যাচের ৬৫ মিনিটে আবারো ব্যবধান গড়ে দেন মোরাতা। প্রতিপক্ষের ছোট ডি বক্সে বল পেয়ে কোনাকুনি শটে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এর আগে বার্নালির বিপক্ষেও গোল পেয়েছিলেন স্প্যানিশ এ তারকা। ম্যাচের ৭০ মিনিটে মার্কো আলোনসোর পাস থেকে গোল করে চেলসির ব্যবধান বাড়ান পেদ্রো। শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
ঘরের মাঠে এ জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। সমান ম্যাচ ও পয়েন্টে গোল ব্যবধানে তৃতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট তালিকার চূড়ায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

