স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে উড়িয়ে দিয়েছে ভারত। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করল টিম ইন্ডিয়া। রোববার ইডেন গার্ডেনসে স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাটিং করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১০৯ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৩ বল আগে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।
সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। অভিষিক্ত ডানহাতি পেসার ওশানে থমাস ১১ বলের ব্যবধানে ফেরান দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ানকে। ১৪৬ ও ১৪৭ কিমি গতিতে দুই ওপেনারকে উড়িয়ে দেন থমাস। শুরুর আক্রমণ ধরে রাখেন কার্লোস ব্রাফেট। দুই ওভারে ৬ বলের ব্যবধানে সাজঘরের পথ দেখেন রিশভ পান্ত এবং লোকেশ রাহুল।
৪৫ রান তুলতেই স্বাগতিকদের নেই ৪ উইকেট। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদেরকে। মনিশ পান্ডের ১৯, দিনেশ কার্তিকের ৩১ ও ক্রুনাল পান্ডিয়ার ২১ রানে সহজেই জয় পায় ভারত। পান্ডে ২৪ বলে ১৯ রানে আউট হলেও কার্তিক ও পান্ডিয়া ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়ে সহজেই দলকে জয় এনে দেন। ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন কার্তিক। পান্ডিয়া ৯ বলে ৩ বাউন্ডারিতে করেন ২১ রান।
এর আগে কুলদীপ যাদবের দ্যুতিতে বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। বাঁহাতি রিস্ট স্পিনার ১৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব, খলিল আহমেদ, জসপ্রিত বুমরাহ ও ক্রুনাল পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ফ্যাবিয়েন এলেন। ১৫ রান করেন কেমো পল। ১৪ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শাই হোপ ও কাইরন পোলার্ড।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব। সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

