স্পোর্টস ডেস্ক : কোচ হিসেবে চাকরি নেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে হেনরি অঁরির অধীনে ৭টি ম্যাচ খেলেছে মোনাকো। কিন্তু এ সাত ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ক্লাবটি। লিগে সবশেষে রেইমসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তার দল। আর দলের এমন ধারাবাহিক বাজে পারফরম্যান্সে কোচ হিসেবে বেশ চাপের মধ্যে রয়েছেন আর্সেনালের কিংবদন্তি এ ফুটবলার অঁরি।
লিগে গতকাল ম্যাথুউ কাফেরোর ২৪ মিনিটের গোলে মোনাকোর বিপক্ষে এগিয়ে যায় রেইমস। ম্যাচের বাকি সময়ে এ গোলের শোধ দিতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের প্রাক্তন চ্যাম্পিয়ন মোনাকো।
২০১৭ সালে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলেছিল মোনাকো। কিন্তু এবার মৌসুমের শুরু থেকেই একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট টেবিলে ক্লাবটির অবস্থান নিচের দিক থেকে দ্বিতীয়। তবে আজ নানতেসের বিপক্ষে পঞ্চম অ্যাওয়ে ম্যাচে গুইনগ্যাম্প হার এড়াতে পারলে একদম তলানীতে চলে যাবে মোনাকো।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ক্লাব বুর্গকে স্বাগত জানাবে মোনাকো। ওই ম্যাচে ভালো করে এবার ঘুরে দাঁড়াতে চাইবে অঁরির মোনাকো।

