স্পোর্টস ডেস্ক : ট্যাক্সি ড্রাইভারকে মারধরের ঘটনায় সাজা দেওয়া হয়েছে আর্সেনালের প্রাক্তন ফুটবলার নিকলাস বেন্ডনারকে। ডেনমার্কে এ অপরাধের জন্য তাকে ৫০ দিনের জেল দিয়েছে স্থানীয় আদালত।
ড্রাইভারকে মারধরের ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসে। কোপেনহেগেন শহরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ট্যাক্সি ড্রাইভারের মুখে আঘাত করেন বেন্ডনার। এ ঘটনা তদন্ত করে তাকে এমন শাস্তি দিয়েছেন কোপেনহেগেনের আদালত। তবে শাস্তির পর উচ্চ আদালতে আপিল করেছেন বর্তমানে রোসেনবুর্গের হয়ে খেলা এ ফুটবলার।
আদালতে ট্যাক্সি ড্রাইভারকে মারার ঘটনা অস্বীকার করেননি বেন্ডনার। তবে ডেনিশ এ ফুটবলার জানিয়েছেন ভয়ের কারণেই নাকি ড্রাইভারকে আঘাত করেছিলেন তিনি। তার দাবি বান্ধবীকে নিয়ে ভাড়া পরিশোধ না করেই চলে যেতে দেখায় তাদের বোতল ছুঁড়ে মারার চেষ্টা করেন ট্যাক্সি ড্রাইভার।
বেন্ডনার এমন শাস্তি নিয়ে তার ক্লাব রোসেনবুর্গের প্রধান নির্বাহী টভ মু ডাইহার্গ বলেন, ‘আমরা মনে করে এই ধরনের ঘটনা ক্লাব এবং নিকলাসের জন্য শুভকর নয়। সে এই ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে রয়েছে। আমরা তার ব্যাপারটি নিয়ে আলোচনা করছি।’
২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত আর্সেনালের হয়ে খেলেছেন বেন্ডনার। গানারদের হয়ে ১৭১ ম্যাচে ৪৫ গোল করেছেন তিনি। তবে ইনজুরির কারণে সবশেষ রাশিয়া বিশ্বকাপে ডেনমার্কের হয়ে খেলতে পারেননি ৩০ বছর বয়সি এ ফুটবলার।

