বিনোদন প্রতিবেদক : নবাগত চিত্রনায়িকা অধরা খান। ক্যারিয়ারের শুরুতেই বর্তমান সময়ের দুজন আলোচিত চিত্রনায়কের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। অধরা অভিনীত ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পেয়েছে। পরপর দুটি সিনেমা মুক্তি পাওয়ায় বেশ আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। এবার ‘জবানবন্দি’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন ‘মাতাল’ সিনেমার প্রযোজক শরীফ চৌধুরী।
এ প্রসঙ্গে অধরা খান বলেন, ‘আমার উপর আস্থা রেখে মাতাল সিনেমায় আমাকে নিয়েছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি এখন সারা দেশের ৮০টি হলে চলছে। ভালো সাড়া পাচ্ছি। এমন সময় প্রতিষ্ঠানটি আমাকে নিয়ে নতুন আরেকটি সিনেমা নির্মাণ করতে চাইছেন। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। তবে এখনি সিনেমাটির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চাচ্ছি না।’
এছাড়া মোহাম্মাদ মিজানুর রহমান প্রযোজিত ‘ড্রিমগার্ল’ এবং শাহীন সুমন পরিচালিত ‘বখাটে’ সিনেমায় অভিনয়ের জন্য অধরাকে চূড়ান্ত করা হয়েছে।
গত ১৯ অক্টোবর ‘নায়ক’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অধরার অভিষেক হয়। এতে বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেন তিনি। এর এক সপ্তাহ পর মুক্তি পায় ‘মাতাল’ সিনেমা। এতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন অধরা।

