বিনোদন প্রতিবেদক : দুজনের ভালোলাগা থেকে তৈরি হয় প্রেম। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে চায় না তাদের পরিবার। এরপর অনেক দ্বন্দ্ব কলহের মধ্য দিয়ে কেটে যায় দীর্ঘ সময়। সব কিছুর অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। গতকাল সোমবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। উচ্ছ্বাসিত কণ্ঠে সাইমন সাদিক জানান, মানিক ভাই বিয়েটা দিয়েই দিলো!
পাঠক হয় তো প্রিয় দুই তারকার বিয়ের খবরে চমকে গেছেন। তবে এটা বাস্তবে নয়, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার গল্পের প্রয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। গতকাল সোমবার থেকে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং চলছে।
বর্তমানে মানিকগঞ্জে শুটিং করছেন সাইমন সাদিক। শুটিং সেট থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘বর্তমান সময়ের সিনেমার গল্পে সাধারণত নায়ক নায়িকার বিয়ে সিনেমার শেষে দেখানো হয়। অথবা নায়ক-নায়িকা পরিবারের অনুমতি ছাড়াই আগে বিয়ে করে ফেলেন। কিন্তু এই সিনেমায় পরিবারের সম্মতিতেই বিয়ে দেখানো হবে। এটা সিনেমার বিরতির আগেই দর্শক দেখতে পাবেন।’
কথোপকথনের শেষ পর্যায়ে শটের ডাক পড়ে সাইমনের। তারপর আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘‘সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ আশ্র’ সিনেমার নামটিই শুধু নেওয়া হয়েছে। এ সিনেমার রিমেক হচ্ছে না। সিনেমার গল্পের সঙ্গে কোনোরকম মিল খুঁজে পাবেন না দর্শক।’
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন সাইমন, মাহি। এছাড়াও রয়েছেন জয় চৌধুরী, আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।
এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। ‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

