ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে ১ নভেম্বর। এবারের পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছর পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এবার ২ লাখ ১ হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জেএসসি-জেডিসি পরীক্ষা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, জেএসসিতে ২৯ হাজার ৬৭৭টি বিদ্যালয়ের মোট ২০ লাখ ৯০ হাজার ২৭৭ এবং জেডিসিতে ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
তিনি বলেন, এবার জেএসসি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ এবং জেডিসির ৩৪ হাজার ২৫১ পরীক্ষার্থী অংশ নেবে। এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছিল তারাও এবার ওইসব বিষয়ে পরীক্ষা দেবে। এই সংখ্যা জেএসসিতে ২ লাখ ৩০ হাজার ৭৮৫ এবং জেডিসিতে ৩০ হাজার ৫৪৮ জন।
মন্ত্রী আরো বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে আগেই একাধিক প্রশ্ন সেট পাঠানো হবে, তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মধ্যেমে প্রশ্ন নির্বাচন করে প্রশ্নপত্রের খাম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ২৮ অক্টোবর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
জেএসসি ও জেডিসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রণালয় থেকে আরো কিছু ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শিক্ষামন্ত্রী জানান। এর মধ্যে রয়েছে- নিয়মিত পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে; বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম/২য় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে; নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ন-এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়া সুযোগ দেওয়া হবে।
পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমিতবিহীন যেকোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন ও এর আগে ও পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতিত অন্যদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকেব। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে মোট ২ হাজার ৯০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি। সেই হিসাবে এবার ৬৯টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এছাড়াও এবার দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। গত বছরের তুলনায় এবার জেএসসিতে ১ লাখ ৭৭ হাজার ৬৬ এবং জেডিসি পরীক্ষায় ২৪ হাজার ৪৪৭ পরীক্ষার্থী বেড়েছে।