বিনোদন প্রতিবেদক : ব্যবসা সফল নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমাটি গতকাল ২৬ অক্টোবর দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত চিত্রনায়িকা অধরা খান। প্রথম দিন সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে সিনেমার টিম মেম্বাররা ছুটে যান জিঞ্জিরার নিউ গুলশান সিনেমা হলে। এ সময় সিনেমার নায়ক-নায়িকাকে এক নজর দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পর্দার শিল্পীদের বাস্তবে পেয়ে কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে ভিডিও করে রাখেন পুরো দৃশ্য। এ সময় আনন্দে অনেককেই শিস দিতে দেখা যায়। এক পর্যায়ে কৌতূহলী দর্শকদের সামাল দিতে হিমশিম খেতে হয় প্রেক্ষাগৃহের নিরাপত্তা কর্মীদের।
‘মাতাল’ সিনেমার টিমের সঙ্গে ছিলেন নির্মাতা শাহীন সুমন, প্রযোজক শরীফ চৌধুরী, নৃত্যপরিচালক সাঈফ খান কালু, চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়িকা অধরা খান, জয়রাজসহ অনেকে। শাহীন সুমন বলেন, ‘জিঞ্জিরায় এসে দর্শকদের ভালো সারা পেয়েছি। অতীতেও দর্শকদের সঙ্গে পেয়েছি। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাব।’ সাইমন সাদিক বলেন, ‘বাংলা দেশের খেলা থাকলে সাধারণত সব ভুলে যায় মানুষ। তারপরও হলগুলোতে দর্শকের ভিড় ছিলো চোখে পড়ার মত। গুণী পরিচালক শাহীন সুমন মানেই সুপার হিট সিনেমা! আশাকরছি পরিচালকের অন্যান্য সিনেমার মত এই সিনেমাটিও ব্যবসা সফল হবে।’
অধরা খান বলেন, ‘যে কয়টি হলে গিয়েছি প্রতিটি শো হাউস ফুল ছিল।ভালো রেসপন্স পাচ্ছি।সিনেমাপ্রেমীদের কাছে অনুরোধ- হলে গিয়ে সিনেমাটি দেখুন। আশা করছি হতাশ হবেন না, সবার ভালো লাগবে।’
জিঞ্জিরার নিউ গুলশান সিনেমা হল ছাড়াও ‘মাতাল’ সিনেমার টিম ঢাকার অভিসার, চিত্রামহল সিনেমা হলে গিয়েছেন। সিনেমাটিতে সাইমন-অধরা ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শিপন, অরিন, জয়রাজ, শরীফ চৌধুরী, রাইসুল রনিসহ অনেকে।

